Saturday, October 18, 2014

শেষ রাতে 'ডন কোহতে' র লেখকের সাথে কথোপকথন


আজ রাতের শেষের দিকে কিংবা ভোরের আগে এক মধ্যবয়সী ভদ্রলোকের সাথে দেখা। লোকটাকে দূর থেকে একটু পাগলাটে মনে হল। জিজ্ঞেস করলে জানায় সে নাকি Miguel de Cervantes । ও, আচ্ছা। মনে খটকা লাগলো সে যে বাংলায় কথা বলছে! ওই মধ্যবয়সী পাগলাটে লোকটার মধ্যে একটা উড়নচণ্ডী ভাব আছে।

জিজ্ঞেস করলাম, 'আপনিই তো Don Quixote লিখেছেন, না? এটা তো ইউরোপে ব্যাপক ঝড় তুলেছে, জানেন নাকি?
তখন দেখি ভদ্রলোক নির্বিকার। সাধারণ মানুষের মত চুপ মেরে দাড়িয়েছিল। তখন লোকটির পুরো শরীরের দিকে খেয়াল করতে পারলাম, পোষাক-আশাকের দিকে নজর দিলাম। লোকটা একটা সাদা কোর্তা, তার উপরে কালো কালো রেখা আর পাজামা পড়ে আছে। পাজামাটা একটু ময়লাটে ছিল এজন্য রংটা ঠিক ঠাওর করা যাচ্ছিলনা।

তারপর মুখের দিকে তাকালাম। দেখি ভদ্রলোকের চেহারা বাঙালীদের মত এবং অতি সাধারণ বাঙালী যাকে বলে। তারপর মন থেকে প্রশ্ন উগরাইয়া উঠলো সারভানতেস বাংলাদেশে কেন এবং এখন কিভাবে? তার জমানা তো চারশ বছর আগেই শেষ হইয়া গেছে।

ঘুমের মধ্যে র‍্যাশনাল হইয়া গেলাম। ফলাফল ঘুম ভেঙ্গে গেল।

টেবিলে এসে দেখি ৭৬০ পৃষ্ঠার 'ডন কোহতে' পরে আছে। বইটির মলাটে 'ডন কুইকজত ইন দ্য মাউন্টেন' ছবিটি দেয়া।

অনেকদিন পর, অনেক খোজাখুজির শেষে এবং অল্প মূল্যে এই অমূল্য বইটি হস্তগত করতে পেরেছিলাম গত বৃহস্পতিবারে, মালেক ভাইয়ের কাছ থেকে।

স্বপ্নের মানে কি বইটি পড়ার তাগাদা?


ফুটনোট:

'ডন কোহতে' এমন একটি উপন্যাস যার সাথে তুলনা করে অন্য সাহিত্যের মান নির্ধারণ করা হয়। কিছুদিন আগে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের মৃত্যুর পর তার অবস্থান নিয়ে কথা বার্তা হচ্ছিল। তার ‘শতবর্ষের নিঃসঙ্গতা’ স্পেনিশ সাহিত্যের কি সেরা সৃষ্টি এই প্রশ্ন তোলা হলে দেখা যায় যে 'ডন কোহতে' কে প্রথমে রেখে তারপর দ্বিতীয়, তৃতীয়’র তালিকা করতে হয়।

স্পেনিশ সাহিত্যের এই সর্বকালের সেরা সৃষ্টিটি জন্ম নিয়েছে জেলখানায়, এটা অনেকেরই মনে বিস্ময়ের জন্ম দিতে পারে।

বন্দি ও বদ্ধ জীবনের কষ্টকর অভিজ্ঞতাগুলোর চিরায়ত রূপ দিয়েছেন সারভানতেস। প্রতিকূল পরিবেশে এটি লিখতে গিয়ে তিনি সাহিত্যের অনেক প্রচলিত রীতিনীতি ভেঙ্গে দিয়েছিলেন যা পরবর্তী শতকগুলোতে সাহিত্যমান হিসেবে ব্যবহার করা হত। এবং এখনও হয়ে আসছে।

2 comments: